প্রযুক্তি শিল্পায়নে আশা জাগালো ‘ডিজিটাল ডিভাইস এক্সপো’

১৬ অক্টোবর, ২০১৯ ১৮:৫৯  
বাংলাদেশে তৈরি নানা প্রযুক্তি পণ্য ও সেবার উদ্ভাবনায় চতুর্থ শিল্পবিপ্লবে এগিয়ে থাকার প্রত্যয় নিয়ে রাত ৮টায় পর্দা নামছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো। ডিজিটাল পণ্য এবং তরুণ প্রজন্মের উদ্ভাবিত প্রযুক্তি দেখতে শুধু ঢাকা নয়, রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী এসেছেন। প্রযুক্তি শিল্পায়নে নতুন আশা নিয়ে বাড়িতে ফিরেছেন তারা। সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে প্রদর্শনীর পসরা গোছাতে দেখা যায় মেলায় অংশগ্রহণকারীদের। অবশ্য মেলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রযুক্তিপ্রেমিদের মিলনমেলাতে রুপ নেয় তথ্যপ্রযুক্তির এই বড় আসরটি। অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বানানো রোবট, ডিভাইস প্রদর্শন করে। কেউ কেউ পরিচয় করিয়ে দেয় ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে। প্রদশর্নীর শেষদিনে ছিলো নানা ধরনের কর্মসূচি। অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং চারটি সেমিনার। ৪টি সেমিনারই অনুষ্ঠিত হয় উইন্ডি টাউন হল রুমে। দিনের শুরুতেই অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল সিকিউরিটি রিস্ক অ্যান্ড অপরচুনিটি’ সেমিনার। ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি এবং সমাধান নিয়ে এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। কি-নোট উপস্থাপন করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ড. সাইদ আকতার হোসেনের মডারেশনে এতে বক্তব্য রাখেন ৮ জন প্যানেল বক্তা। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিক প্রসেসিং জোন অথরিটির চেয়ারম্যান পবন চৌধুরী। কি-নোট উপস্থাপন করেন স্যামসাং মোবাইলের দেশীয় পার্টনার ফেয়ার ইলেকট্রনিক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন। ডাটাবেস সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ কামালের মডারেশনে এতে বক্তব্য রাখেন পাঁচজন প্যানেল বক্তা। বিকেলের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এবং সংসদ সদস্য বেনজীর আহমেদ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক জাফর ইকবাল। ডেভোটেক টেকনোলজি পার্কের চেয়ারম্যান রায়হান শামসির মডারেশনে কি-নোট স্পিচ দেন ‘সোনালি ব্যাগ’ এর আবিষ্কারক ড. মুবারক আহমেদ খান। বিজিএমইএ’র সভাপতি রুবানা হকসহ আরো পাঁচ জন বক্তা বক্তব্য রাখেন।